আধার-প্যান-ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়েই একটি মামলায় বম্বে হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে, আধার, প্যান বা ভোটার কার্ড কোনো ব্যক্তির নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সুপ্রিম কোর্টেও SIR সংক্রান্ত বিষয়ে শুনানি চলছে।

মঙ্গলবার বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তির জামিন আবেদনের শুনানি করছিলেন। বাবু আবদুর রউফ নামে ওই ব্যক্তির আইনজীবী আদালতে দাবি করেন যে, তার মক্কেলের কাছে আধার, প্যান সহ ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সব নথি রয়েছে। তাই তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করা বেআইনি।

কিন্তু বিচারপতি এই যুক্তি খারিজ করে দেন। তিনি জামিনের আবেদন বাতিল করে বলেন, “আধার, প্যান বা ভোটার কার্ড ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নথি নয়।” বিচারপতি আরও উল্লেখ করেন যে, ভারতের নাগরিক হওয়ার নিয়মাবলী নাগরিকত্ব আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বম্বে হাইকোর্টের এই পর্যবেক্ষণ খুবই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের অবস্থানের পক্ষে। কারণ, কেন্দ্র এবং কমিশন উভয়ই মনে করে যে, আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের যথার্থ প্রমাণ নয়।

উল্লেখ্য, সম্প্রতি বিহারের SIR সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনের এই দাবিকে সমর্থন জানিয়েছে যে, আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। বম্বে হাইকোর্টের এই পর্যবেক্ষণ বিচার বিভাগের এই অবস্থানকে আরও জোরালো করল।