‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’, বিহারের SIR মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

ভোটার তালিকা নিবিড় সমীক্ষা (SIR) সংক্রান্ত বিহারের একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে, আধার কার্ডকে কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই মামলার শুনানি চলে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন করে বলেছে, ‘আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, বরং এটি যাচাই করার প্রয়োজন আছে।’ যদিও আদালত পূর্বে এই কার্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু কমিশন সেই প্রস্তাব খারিজ করে দেয়।

এদিনের শুনানিতে নাগরিকত্ব প্রমাণের বিষয়টি নিয়েও আলোচনা হয়। আধার ও ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কীসের ভিত্তিতে নাগরিকত্ব প্রমাণিত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে, রেশন কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়।

ভোটার তালিকা দেখা প্রসঙ্গে কমিশনের আইনজীবী জানান, ২০০৩ সালের তালিকা যেকোনো ব্যক্তি কোনো নথি ছাড়াই দেখতে পারবেন। এর জবাবে বিচারপতিরা বলেন, ‘বিশ্বাসের ঘাটতি থেকেই কমিশনকে এমন কথা বলা হচ্ছে।’ আইনজীবী প্রশান্ত ভূষণও সওয়াল করে বলেন, একজন ভোটারের ভোটার তালিকা দেখার অধিকার রয়েছে।

মৃত ভোটারদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। এটি একটি খসড়া তালিকা, যা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়। তাদের কোনো আপত্তি থাকলে তারা জানাতে পারে।’

বিচারপতি সূর্য কান্ত নাম বাদ দেওয়া ইস্যু নিয়ে বলেন, ‘কারও নাম বাদ দেওয়া হয়েছে কি না, তা কি আশঙ্কা, নাকি তার সত্যতা রয়েছে, তা আমরা বোঝার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘৭ কোটি ২৪ লক্ষ ভোটার আবেদন জমা দিয়েছেন। বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে ২২ লক্ষ মৃত, যা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। ৩৬ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন, যা নিয়ে একটা ধূসর এলাকা থাকতে পারে।’

এই মামলার পরবর্তী শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।