হাইকোর্টের গেটের সামনে গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার, জানা গেল নেপথ্যের কারণ!

মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের সামনে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দুই সদস্য কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ২০১৭ সালে আমগাছিয়া সৃষ্টি সংঘ সমবায় সমিতি গঠিত হয়। ২০২৫ সালের নির্বাচনে ওই দুই মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু তাদের অভিযোগ, সমবায় সমিতি আদালতের সেই নির্দেশ মানেনি।

শুধু তাই নয়, ওই দুই মহিলা আরও অভিযোগ করেছেন যে, সমবায় সমিতি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের সুদের লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করেছে, কিন্তু এখন সেই টাকা ফেরত দিতে চাইছে না। এই অনিয়ম এবং প্রতারণার প্রতিবাদ জানাতেই তারা এমন চরম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন।

আত্মহত্যার চেষ্টা করা দুই মহিলার মধ্যে একজন, পূর্ণিমা হালদার, এখনও এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি হাসপাতালে এসে খোঁজখবর নেন। পুলিশ বর্তমানে ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।