OMG! ৮ মিনিটের নিখুঁত ডাকাতি, ব্যাঙ্কের লকার থেকে লুট করা হলো ১৫ কেজি সোনা

হলিউডের কোনো অ্যাকশন ছবির দৃশ্যকেও হার মানাতে পারে এমন রোমহর্ষক ডাকাতির ঘটনা ঘটল মধ্যপ্রদেশের জবলপুরে। সোমবার সকালে মাত্র ৮ মিনিটেরও কম সময়ে একটি স্মল ফিনান্স ব্যাংকের লকার থেকে ১৫ কেজি সোনা এবং নগদ ৫ লক্ষ টাকা লুট করে পালাল সশস্ত্র তিন দুষ্কৃতী। পুরো ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা সামনে এসেছে।
ঘটনাটি ঘটেছে জবলপুর জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে খিটোলা গ্রামের ESAF স্মল ফিনান্স ব্যাংকে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা নাগাদ যখন ব্যাংকটি সবেমাত্র খোলা হয়েছে এবং কর্মীরা কাজে বসেছেন, তখনই একটি মোটরবাইকে করে হেলমেট পরা তিন যুবক সেখানে আসে। ব্যাংকের সামনে মোটরবাইক পার্ক করে তারা সরাসরি ভেতরে প্রবেশ করে।
জবলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা জানান, ওই ব্যাংকে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, এমনকি প্রধান ফটকও খোলা ছিল। ভেতরে ঢুকে তিন দুষ্কৃতী দেশি পিস্তল বের করে ৬ জন ব্যাংককর্মীর দিকে তাক করে। তারা কর্মীদের হুঁশিয়ারি দেয় যে, নড়াচড়া করলে বা পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবে।
এরপর দুষ্কৃতীরা অস্ত্রের মুখে ব্যাংক ম্যানেজারকে কাবু করে সোনা রাখার লকার খুলতে বাধ্য করে। লকার খোলার সঙ্গে সঙ্গেই এক দুষ্কৃতী ভেতরে ঢুকে একটি ব্যাগে ১৫ কেজি সোনা ভরে নেয়। এরপর যাওয়ার আগে তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫ লক্ষ টাকাও হাতিয়ে নেয়। পুলিশ সুপার সম্পত উপাধ্যায় নিশ্চিত করেছেন যে, পুরো ডাকাতির ঘটনাটি ৮ মিনিটেরও কম সময়ে ঘটে।
ডাকাতরা মোটরবাইকে চেপেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। একই সঙ্গে, এত কম সময়ের মধ্যে নিখুঁতভাবে এই অপারেশন চালানোয় ব্যাংকের কোনো কর্মীর জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
মধ্যপ্রদেশের এই ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনায় বিব্রত বলে জানা গেছে। তাদের মতে, ব্যাংকের অভ্যন্তরীণ খবর ছাড়া এত বিপুল পরিমাণ সোনা ও টাকার সঠিক অবস্থান জেনে এত কম সময়ে নিখুঁতভাবে ডাকাতি করা সম্ভব নয়। এই ঘটনাটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।