“কমপক্ষে ৫০ হাজার টাকা রাখতে হবে”- ICICI-র নতুন নিয়ম কাদের জন্য, জেনেনিন কি বলছে RBI?

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তাদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় ব্যালান্স (Minimum Average Balance) রাখার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে হলে আগের তুলনায় পাঁচগুণ বেশি টাকা রাখতে হবে, যা মধ্যবিত্ত গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আগে যেখানে মেট্রো ও শহুরে শাখাগুলিতে ন্যূনতম ১০ হাজার টাকা রাখলেই চলত, সেখানে নতুন নিয়মে এই সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে, সেমি-আর্বান শাখাগুলিতে ৫ হাজার থেকে ২৫ হাজার এবং গ্রামীণ শাখাগুলিতে ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এই পরিবর্তন ১ আগস্ট, ২০২৫ থেকে খোলা নতুন অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পুরোনো গ্রাহকরা আপাতত আগের নিয়মেই থাকবেন, তবে ভবিষ্যতে তাঁদের জন্যও নিয়ম বদলের সম্ভাবনা থেকে যাচ্ছে।
আইসিআইসিআই ব্যাংকের এই আকস্মিক সিদ্ধান্তের বিরুদ্ধে যখন প্রশ্ন ওঠে, তখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্রা স্পষ্ট করে জানিয়ে দেন যে, ন্যূনতম ব্যালান্সের সীমা নির্ধারণ করা ব্যাংকের নিজস্ব অধিকার। আরবিআই এতে হস্তক্ষেপ করে না। ফলে প্রতিটি ব্যাংকই এই বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।
নিয়ম না মানলে কঠোর জরিমানা:
যদি কোনো গ্রাহক এই ন্যূনতম ব্যালান্স বজায় রাখতে ব্যর্থ হন, তাহলে তার উপর কঠোর জরিমানা ধার্য করা হবে। এই ক্ষেত্রে ঘাটতি টাকার ৬% অথবা ৫০০ টাকা, এই দুটির মধ্যে যে পরিমাণ কম হবে, সেটি জরিমানা হিসেবে কাটা হবে।
অন্যান্য চার্জেও পরিবর্তন:
শুধু ন্যূনতম ব্যালান্সের নিয়মই নয়, অন্যান্য পরিষেবাতেও নতুন চার্জ যুক্ত করা হয়েছে। মেট্রো শহরগুলিতে এটিএম থেকে মাসে মাত্র তিনটি বিনামূল্যে লেনদেন করা যাবে। এর পর থেকে প্রতি লেনদেনে ২৩ টাকা এবং ব্যালান্স চেকের জন্য ৮.৫ টাকা কাটা হবে। অন্য শহরগুলিতে বিনামূল্যে লেনদেনের সীমা মাসে পাঁচটি। আন্তর্জাতিক এটিএম থেকে টাকা তুললে ১২৫ টাকা চার্জ এবং বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ৩.৫% চার্জ কাটা হবে। ডেবিট কার্ডের বার্ষিক ফিও বৃদ্ধি করা হয়েছে। শহুরে গ্রাহকদের জন্য ৩০০ টাকা এবং গ্রামীণ গ্রাহকদের জন্য ১৫০ টাকা।
যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই নতুন নিয়ম গ্রাহক পরিষেবার মান উন্নত করা এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্যই আনা হয়েছে। তবে গ্রাহকদের একাংশের মতে, এই ধরনের হঠাৎ করে পাঁচগুণ ব্যালান্স বৃদ্ধি আর্থিক চাপ তৈরি করবে, বিশেষ করে স্বল্প ও মধ্যবিত্ত আয়ের মানুষের উপর। তবে, বেতনভোগী অ্যাকাউন্ট (Salary Account) এবং পেনশনভোগীরা এই নতুন নিয়ম থেকে রেহাই পাবেন।