“ওসামা বিন লাদেনের কথা মনে পড়ে যাচ্ছে”-ভারতকে মুনিরের ‘হুঁশিয়ারি’, ক্ষুব্ধ পেন্টাগন আধিকারিক

মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘আধা বিশ্বকে নিয়ে ডুবে যাওয়ার’ হুঁশিয়ারি তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যে দেশ তাঁকে আতিথেয়তা দিয়েছে, সেই আমেরিকার মাটি থেকেই এসেছে কড়া জবাব। প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন পাক সেনাপ্রধানের এই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং পাকিস্তানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

মাইকেল রুবিন বলেছেন, “আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের এই হুমকি কোনওমতেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও যোগ করেন, “গোটা বিশ্ব কি পাকিস্তানকে এখনও একটি দায়িত্ববান দেশ হিসেবে দেখছে, নাকি তার অন্তিম দিন এগিয়ে আসছে?”

রুবিন পাক সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যকে কুখ্যাত জঙ্গিনেতা ওসামা বিন লাদেনের বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “আসিম মুনিরের ভাষণ শুনে আমার ওসামা বিন লাদেনের কথা মনে পড়ে যাচ্ছে। পাকিস্তানকে অবিলম্বে স্টেট স্পনসর টেররিজমের তালিকাভুক্ত দেশ করে দেওয়া উচিত।”

প্রাক্তন এই পেন্টাগন আধিকারিক মার্কিন জেনারেলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মুনিরের এমন হুমকির পরও কেন মার্কিন জেনারেলরা তাঁর সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। রুবিনের মতে, এমন জেনারেলদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

মাইকেল রুবিন আরও দাবি করেন, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান ক্ষমা চাইছে, ততক্ষণ আসিম মুনির এবং অন্যান্য সমস্ত পাক আধিকারিককে আমেরিকাতে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা উচিত এবং তাঁদের মার্কিন ভিসা দেওয়া বন্ধ করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার মাটিতে একটি অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, “আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা কোনও যুদ্ধে হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।” তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

এদিকে, পাকিস্তানের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারতও। সোমবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের পারমাণবিক হুমকিতে ভারত ভীত নয় এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।