মোদীকে ফোন করে রুশ তেল কেনার বিরুদ্ধে আর্জি জেলেনস্কির, ট্রাম্পের ‘সুর’ প্রতিধ্বনিত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন। এই ফোনালাপে জেলেনস্কির বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে। জেলেনস্কি ভারতকে রাশিয়া থেকে তেল না কেনার জন্য অনুরোধ করেছেন, কারণ তার দাবি অনুযায়ী, সেই তেল বিক্রির টাকা দিয়েই মস্কো তাদের ওপর হামলা চালাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুসারে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে রুশ জ্বালানি বা তেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলেনস্কি মোদীকে বলেছেন যে, রাশিয়া এই অর্থ ব্যবহার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাই ভারতের উচিত রুশ তেল কেনা বন্ধ করা। এই একই অভিযোগ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেছিলেন এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্কও চাপিয়েছিলেন।
জেলেনস্কি প্রথমে মোদীকে রবিবার ইউক্রেনের একটি বাস স্টেশনে রাশিয়ার হামলার কথা জানান এবং হতাহতের সংখ্যা উল্লেখ করেন। ফোনালাপের পর জেলেনস্কি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হল। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা হয়েছে আমাদের দ্বিপাক্ষিক সমঝোতা ও কূটনৈতিক অবস্থান নিয়েও। আমি কৃতজ্ঞ যে এই কঠিন সময়েও উনি আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে। যা ইউক্রেনবাসীর স্বার্থপূরণ করছে, সেই সিদ্ধান্তগুলিতেই উপনীত হবে ইউক্রেনও।”
ওয়াকিবহাল মহল মনে করে, ট্রাম্প আসলে নিজের ব্যবসায়িক ফায়দা হাসিল করতে না পেরেই ভারতের ওপর এই শুল্ক আরোপ করেছিলেন। এখন জেলেনস্কির মুখেও সেই একই অভিযোগ শোনা যাওয়ায় প্রশ্ন উঠেছে, যুদ্ধ থেকে পরিত্রাণ পেতে কি তিনি ট্রাম্পের মতো একই ধরনের কৌশল অবলম্বন করছেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ফোনালাপ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হল। তাঁর তরফের দৃষ্টিভঙ্গি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানলাম। ভারত যে সংঘাতে বিশ্বাসী নয়, সেই আশ্বাসই আমি তাঁকে দিয়েছি। আর শান্তি প্রতিষ্ঠায় ভারতও যে সর্বদা উদ্যোগী, সেই ব্যাপারটাও সাফ জানিয়েছি।”