‘ধূমকেতু’-র অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড, ‘ওয়ার ২’-কে টেক্কা দিল দেবের ছবি

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘ধূমকেতু’। তবে একই দিনে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। সাধারণত, বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পেলে হিন্দি ছবিই বেশি শো এবং দর্শক আকর্ষণ করে। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ‘ধূমকেতু’র অগ্রিম টিকিট বিক্রি সবাইকে চমকে দিয়েছে, যা হিন্দি ছবি ‘ওয়ার ২’-কেও পেছনে ফেলে দিয়েছে।

কিছুদিন আগেই বাংলা ছবির শো বাড়ানোর জন্য অভিনেতা দেব এবং প্রসেনজিৎ সহ আরও অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদনের পর ঠিক করা হয় যে, হিন্দি এবং বাংলা উভয় ছবিই সমান সংখ্যক শো পাবে।

তবে বাণিজ্যিক সূত্রের খবর অনুযায়ী, মুক্তির তিন দিন আগেই ‘ধূমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির হার রীতিমতো নজিরবিহীন। বলিউড হাঙ্গামাকে একটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ১১ই আগস্ট সকাল ১১টা পর্যন্ত ‘ধূমকেতু’র প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যেখানে একই সময়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ‘ওয়ার ২’ ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ৫৫০০। এই সংখ্যা প্রতি ঘন্টায় দ্রুত বাড়ছে।

ঐ সূত্র আরও জানিয়েছে, যদিও যশ রাজ ফিল্মসের ছবির প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি থাকে, কিন্তু ‘ধূমকেতু’র অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে এবার তার ব্যতিক্রম হতে চলেছে। ৯ বছর পর এই ছবির মুক্তি যেন অন্য ছবির ব্যবসাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ক্ষমতা রাখে।

কলকাতার কিছু গুরুত্বপূর্ণ সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে ‘ওয়ার ২’ এবং ‘ধূমকেতু’র শো বিভাজনও আলোচনায় এসেছে। প্রাচী, অশোকা এবং মেনোকাতে ‘ওয়ার ২’ ৩টি শো পেলেও ‘ধূমকেতু’ পেয়েছে ১টি শো। অন্যদিকে, জয়ন্তী এবং বিনোদিনীতে ‘ধূমকেতু’ ২টি শো পেয়েছে। আইকনিক প্রিয়া সিনেমা হলে ‘ধূমকেতু’র জন্য ১টি শো বরাদ্দ করা হলেও নবীনা এবং বিনোদিনী সিনেমা হলের কিছু শো ইতিমধ্যেই হাউসফুল হয়ে গেছে।