আদালতে ছেলের হয়ে লড়তে আইন শিখলেন ৯০ বছরের মা, কুর্নিশ জানাচ্ছে সকলে

“সন্তানের জন্য মা সবকিছু করতে পারেন”—এই প্রবাদটি যেন আরও একবার সত্য প্রমাণিত হলো চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে। ৯০ বছর বয়সী এক মা তার ছেলের পক্ষে আইনি লড়াই করার জন্য ফৌজদারি আইন ও কার্যবিধি রপ্ত করে ফেলেছেন। পুত্রের প্রতি গভীর ভালোবাসার এই অনন্য দৃষ্টান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জানা গেছে, হে নামের ওই বৃদ্ধার ৫৬ বছর বয়সী ছেলে লিন একটি হাই-প্রোফাইল চাঁদাবাজির মামলার আসামি। তার বিরুদ্ধে প্রায় ১১৭ মিলিয়ন ইউয়ান (প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ছেলের আইনি লড়াইয়ে পাশে থাকার জন্য হে নিজেই আইনজীবী হয়ে আদালতে দাঁড়িয়েছেন।
চীনের হুয়াশাং নিউজের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০শে জুলাই ঝোউশান মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট কোর্টে এই মামলার শুনানি শুরু হয়েছে। গত বছর এপ্রিলে লিনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে স্থানীয় এক শিল্পপতি হুয়াংয়ের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। ওই সময়ে হুয়াং ছিলেন চীনের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির মধ্যে একজন।
প্রসিকিউশনের ভাষ্যমতে, লিন ও হুয়াং একসঙ্গে গ্যাস উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে হুয়াং প্রায়ই টাকা দিতে দেরি করতেন, যার ফলে লিনের কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এর প্রতিশোধ নিতে লিন ও তার হিসাবরক্ষক হুয়াংয়ের কর ফাঁকির তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ আদায় করেন। ২০২৩ সালের শুরুতে হুয়াং পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে লিন গ্রেপ্তার হন।
ছেলের গ্রেপ্তার হওয়ার পর থেকে হে তাকে দেখতে না পেয়ে খুব কষ্ট পাচ্ছিলেন। তাই তিনি গত বছরের শেষ দিকে ছেলের হয়ে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা তার বয়সের কারণে এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তার নাতনি জানান, “আমার ঠাকুমা খুব জেদি। তিনি কারো কথা শোনেননি। নিজেই বই কিনে ফৌজদারি আইন ও কার্যবিধি বিষয়ে পড়াশোনা শুরু করেছেন।”
শুনানির দিনে যখন হাতকড়া পরা অবস্থায় লিনকে আদালতে আনা হয়, তখন মা হে কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে থাকেন এবং কান্না থামানোর চেষ্টা করেন। লিন তার মায়ের এই গভীর ভালোবাসায় মুগ্ধ হয়ে একজন পেশাদার আইনজীবী নিয়োগ করেছেন, যাতে তার মা এবং আইনজীবী দু’জনেই একসঙ্গে তার পক্ষে লড়তে পারেন।
শুনানি চলাকালে এক পর্যায়ে হে অসুস্থ বোধ করলে আদালত আগে থেকে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্স ডেকে আনেন। চিকিৎসকরা তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও তিনি আদালত ছেড়ে যেতে রাজি হননি। এই মুহূর্তে মামলাটির শুনানি ঝোউশান আদালতে চলছে, আর এক মায়ের এই অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনি সকলের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।