রক্তে রাঙা ‘বাগী ৪’ টিজার, হিংস্রতায় ‘অ্যানিমেল’কেও টেক্কা দিলেন টাইগার-সঞ্জয়

বহু প্রতীক্ষিত ছবি ‘বাগী ৪’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই চারদিকে আলোচনা শুরু হয়েছে। সোমবার, ১১ই আগস্ট, দুপুরবেলা প্রকাশিত টিজারে টাইগার শ্রফকে তার বিখ্যাত ‘রনি’ চরিত্রে দেখা গেছে এবং তার সঙ্গে খলনায়কের ভূমিকায় নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। এই টিজারের হিংস্রতা দেখে অনেকেই মন্তব্য করেছেন যে এটি রণবীর কাপুরের ‘অ্যানিমেল’কেও ১০ গোল দিয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ই সেপ্টেম্বর।

প্রযোজকদের পূর্ব ঘোষণা অনুযায়ী, ‘বাগী ৪’ যে একটি অত্যন্ত হিংসাত্মক ছবি হতে চলেছে, তার প্রমাণ টিজারেই পাওয়া গেছে। টিজারের শুরুতে টাইগার শ্রফকে বলতে শোনা যায়, “প্রয়োজনীয় আর প্রয়োজন দুটো এক জিনিস নয়।” এরপরেই সঞ্জয় দত্তের বিভীষিকাময় রূপ দেখা যায়, যা দেখে অনেকেরই ‘অ্যানিমেল’ ছবির ববি দেওলের কথা মনে পড়েছে। টিজার যত এগোতে থাকে, ততই হিংসাত্মক অ্যাকশন দৃশ্যগুলো সামনে আসতে থাকে।

ছবিতে শুধু সঞ্জয় এবং টাইগারই নয়, নায়িকাদেরও অ্যাকশন মুডে দেখা গেছে। সোনম বাজওয়া এবং হরনাজ সান্ধুকে হলিউডি স্টাইলে অস্ত্র হাতে তুলে নিতে দেখা যায়, যা হিন্দি ছবির দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। ছবিতে ভালোবাসার পাশাপাশি প্রতিশোধের তীব্র আগুনও রয়েছে। দক্ষিণ ভারতের ছবির স্টাইলের অ্যাকশন দৃশ্যগুলি দর্শকদের বারবার চমকে দেবে।

টিজারটি প্রকাশ্যে এনে সঞ্জয় দত্ত ক্যাপশনে লেখেন, “প্রত্যেক প্রেমিক একজন খলনায়ক হয়। এবার কোনো পালানো নেই, কোনো ক্ষমা নেই, শুধুই রয়েছে প্রতিশোধের আগুন।” টিজারের এই চমক দেখে অনেকেই মনে করছেন, ট্রেলার এবং পুরো ছবিতে আরও অনেক চমক অপেক্ষা করছে।