আইডিবিআই ব্যাঙ্কের দেশব্যাপী ধর্মঘট, বেসরকারিকরণের বিরুদ্ধে একজোট কর্মীরা

আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ‘ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ’। এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে রাজ্যের বিভিন্ন আইডিবিআই ব্যাঙ্কের শাখা এবং এটিএম বন্ধ ছিল। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যোগ দেয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি অনুমোদিত ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম’।

ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস বলেন, “কেন্দ্রীয় সরকার এবং এলআইসিআই আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার দেশি-বিদেশি ধনকুবেরদের কাছে বিক্রি করছে। এই বেসরকারিকরণের বিরুদ্ধে এবং স্থায়ী পদে প্রয়োজনীয় কর্মী নিয়োগের দাবিতে আমরা এই আন্দোলন শুরু করেছি।” তিনি জানান, গ্রাহক ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় এই ধর্মঘট ডাকা হয়েছে। এই কর্মসূচির ফলে রাজ্যের প্রায় সব আইডিবিআই ব্যাঙ্ক শাখা এবং এটিএম বন্ধ ছিল।

ফোরামের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মন্ডল ধর্মঘট সফল হওয়ায় ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। আমরা অন্যান্য ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহকদের সহযোগিতা নিয়ে এই লড়াই চালিয়ে যাবো। আমাদের বিশ্বাস, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”

এই ধর্মঘটের ফলে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। তবে কর্মচারীরা জানিয়েছেন, নিজেদের অধিকার এবং ব্যাঙ্কের ভবিষ্যৎ রক্ষার জন্য এই প্রতিবাদ জরুরি ছিল। এই আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা।