শ্রাবণের শেষ সোমবারে জল ঢালতে গিয়ে মর্মান্তিক পরিণতি, অজয় নদে তলিয়ে কিশোরের মৃত্যু

শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো এক কিশোর। অজয় নদে জল তুলতে গিয়ে জলে তলিয়ে যায় সে। মৃত কিশোরের নাম কল্যাণ দাস (১৫)। এই ঘটনায় পুরো বারাবনি ব্লকে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বারাবনি থানার অন্তর্গত পানুড়িয়া এলাকার রুনাকুড়া ঘাটে অজয় নদে। জানা গেছে, বারাবনীর জামগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা কল্যাণ তার কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে শিবের মাথায় জল দেওয়ার জন্য অজয় নদ থেকে জল তুলতে গিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল জামগ্রামের প্রাচীন বুড়ো শিবের মন্দিরে সেই জল ঢালবে।

নদের ঘাটে জল তোলার সময় অসাবধানতাবশত কল্যাণ হঠাৎই জলে পড়ে যায় এবং স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা এবং বারাবনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের খোঁজাখুঁজির পর বেলার দিকে কল্যাণকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কল্যাণ দাস সামনের বছর মাধ্যমিক পরীক্ষায় বসত। তার এমন অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।