তমলুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিক্ষোভে উত্তাল স্কুল চত্বর

পূর্ব মেদিনীপুরের তমলুকের ডহরপুর তপসিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাসের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ধরে ছাত্রীদের প্রতি তাঁর অশালীন আচরণের প্রতিবাদে আজ উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। ক্ষুব্ধ ছাত্রী ও অভিভাবকরা একত্রিত হয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
অভিযোগ, প্রধান শিক্ষক দেবদুলাল দাস প্রায়শই ছাত্রীদের একা ডেকে পাঠাতেন, তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। বছরের পর বছর ধরে এই ধরনের কুরুচিপূর্ণ ঘটনা ঘটে আসছিল বলে দাবি ছাত্রীদের। সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের পরিবারের কাছে এই বিষয়টি জানালে অভিভাবকরা আর চুপ করে থাকতে পারেননি। আজ সকালে অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে এই বিষয়ে জানতে চান।
কিন্তু প্রধান শিক্ষক কোনো সদুত্তর না দেওয়ায় ক্ষোভের আগুন আরও জ্বলে ওঠে। অভিভাবকরা তাঁকে টেনে-হিঁচড়ে স্কুল থেকে বাইরে নিয়ে এসে মাটিতে বসিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় ছাত্রীরাও বিক্ষোভে শামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর এবং তমলুক থানার পুলিশ।
পুলিশের সামনেই এক অভিভাবক ক্ষোভের বশে প্রধান শিক্ষককে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যখন অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে, তখন ছাত্রীরা সেই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশের গাড়ির সামনে অবস্থান করে তারা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।