স্বাধীনতা দিবসের ছুটিতে লম্বা উইকেন্ড, ঘুরে আসুন এই ৫টি দারুণ জায়গা থেকে!

সামনেই স্বাধীনতা দিবস, ১৫ই অগাস্ট। এই দিনটি বৃহস্পতিবার পড়ায় আপনি যদি শুধু একটি দিনের ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে শনি-রবিবার মিলিয়ে টানা চার দিনের একটি লম্বা ছুটি উপভোগ করতে পারবেন। এই সুযোগে শহরের কোলাহল থেকে দূরে প্রিয়জনদের সঙ্গে বেরিয়ে পড়তে পারেন কয়েকটি সুন্দর ভ্রমণস্থলে। পকেটসই বাজেটে এবং কম সময়ে পৌঁছে যাওয়ার জন্য নিচে কয়েকটি সেরা জায়গা তুলে ধরা হলো।
১. শান্তিনিকেতন, বীরভূম
সপ্তাহান্তে শান্তিনিকেতন ভ্রমণের জন্য তিন দিনই যথেষ্ট। কলকাতা থেকে মাত্র চার-পাঁচ ঘণ্টার দূরত্বে থাকা এই জায়গাটি রবীন্দ্রনাথের স্মৃতিতে ভরপুর। সবুজ আর খোলা আকাশের নিচে এখানকার শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবে। এখানকার আশ্রম, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কোপাই নদীর পাড় এবং স্থানীয় হস্তশিল্পের বাজার আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে।
২. বিষ্ণুপুর, বাঁকুড়া
আপনি যদি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থাপত্য দেখতে পছন্দ করেন, তাহলে বাঁকুড়ার বিষ্ণুপুর আপনার জন্য সেরা গন্তব্য। মল্ল রাজাদের আমলে তৈরি পোড়ামাটির মন্দিরগুলো এই শহরের প্রধান আকর্ষণ। হাওড়া থেকে ট্রেনে সরাসরি বিষ্ণুপুর যাওয়া যায়। ফেরার পথে বাঁকুড়ার সুশুনিয়া পাহাড় বা মুকুটমণিপুর থেকেও ঘুরে আসতে পারেন।
৩. ঘাটশিলা, ঝাড়খণ্ড
প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঝাড়খণ্ডের ঘাটশিলা হতে পারে আপনার আদর্শ পছন্দ। পাহাড়ের কোলে ঝর্ণা, হ্রদ এবং মনোরম পরিবেশে এটি এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। পকেট ফ্রেন্ডলি বাজেটে থাকার জায়গাও এখানে সহজেই পাওয়া যায়।
৪. পুরুলিয়া
পুরুলিয়া পশ্চিমবঙ্গের আরও একটি দুর্দান্ত উইকেন্ড গন্তব্য। এখানে রয়েছে অযোধ্যা পাহাড়, ড্যাম এবং নানান ছোট-বড় ঝর্ণা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি শহরের ব্যস্ততা থেকে দূরে একান্তে সময় কাটানোর জন্য দারুণ। ট্রেনের টিকিট কেটে সহজেই পুরুলিয়া চলে যেতে পারেন এবং প্রকৃতির কোলে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেন।
৫. মন্দারমণি, পূর্ব মেদিনীপুর
যারা সমুদ্র পছন্দ করেন, তাদের জন্য মন্দারমণি হতে পারে একটি দারুণ বিকল্প। কলকাতার খুব কাছে অবস্থিত এই সমুদ্র সৈকতে এখন পৌঁছানো আরও সহজ হয়েছে। রাজ্য সরকারের চালু করা বাস পরিষেবা ব্যবহার করে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করে এখানে পৌঁছানো সম্ভব। বর্ষার উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করার জন্য মন্দারমণি হতে পারে আপনার সেরা গন্তব্য।