‘সাইয়ারা’ নয়, শ্বেতার চোখে জল আনল ‘মহাবতার নরসিংহ’! ‘চিৎকার করেছি…’, ছবি প্রসঙ্গে যা বললেন নায়িকা

অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। এই ছবির অসাধারণ সাফল্য তারকাদেরও প্রেক্ষাগৃহে টেনে আনছে। সম্প্রতি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তাঁর স্বামী রুবেল দাসের ইচ্ছেপূরণ করতে পরিবারের সঙ্গে ছবিটি দেখতে যান। ছবি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি কেঁদে ফেলেন।

সোমবার শ্বেতা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর অনুগামীদের জানান, তাঁরা রবিবার ছবিটি দেখতে গিয়েছিলেন। ভিডিওতে তিনি বলেন, “এই সিনেমাটা দেখার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। আমার স্বামী রুবেল এই সিনেমাটা দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমি সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা ওর জন্যই ভিডিও করা।”

সিনেমা দেখা শেষে তিনি তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “সত্যি বলতে, ভীষণ ভালো একটা ছবি। হলে বসে কেঁদেছি, চিৎকার করেছি। প্রচন্ড ভালো একটা ছবি। যাঁরা দেখেছেন তাঁরা জানেন, আর যাঁরা দেখেননি তাঁদের আমি বলব চটপট গিয়ে দেখে আসুন।”

পরিচালক অশ্বিন কুমারের এই ছবিটি ২৫শে জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে। মাত্র ১৫ কোটি টাকা বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত মোট ১৬৮.৬৫ কোটি টাকা আয় করেছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১৭তম দিনে ছবিটি ২২.৭৫ কোটি টাকা আয় করেছে। এটি ‘সাইয়ারা’, ‘সন অফ সর্দার ২’ এবং ‘ধড়ক ২’-এর মতো বড় বাজেটের ছবিগুলিকেও পিছনে ফেলে দিয়েছে।

তবে সামনে ১৪ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘কুলি’ এবং ‘ওয়ার ২’-এর মতো দুটি বড় ছবি, যা ‘মহাবতার নরসিংহ’-এর আয়ে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।