রেললাইনের উপর শায়িত অবস্থায় এক মহিলা-সহ দুই নাবালিকার দেহ! খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য

দক্ষিণ-পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখার সুইসা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর থেকে এক মহিলা এবং দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। গভীর রাতে অজ্ঞাতপরিচয় এই তিনটি দেহ পাশাপাশি শায়িত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়েই জিআরপি এবং পুরুলিয়া জেলা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে দেহগুলি কীভাবে রেললাইনের ওপর এলো, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রেল পুলিশ এই ঘটনার পেছনে কোনো রহস্য আছে কি না, বা কেউ বা কারা বাইরে থেকে খুন করে দেহগুলি এখানে ফেলে গেছে কি না, তা খতিয়ে দেখছে।

ঘটনার খবর পেয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। জিআরপি-র পাশাপাশি জেলা পুলিশও পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি সম্ভবত একটি খুনের ঘটনা। অন্য কোথাও খুন করে মৃতদেহগুলি রেললাইনে ফেলে দিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আরও নিশ্চিত হতে পুলিশ কুকুরও আনা হয়।

স্থানীয় এক ব্যক্তি দীপক কুইরি জানান, “সুইসা রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের উপর থেকে দেহগুলি উদ্ধার হয়।” তিনি আরও বলেন, এই এলাকাটি ঝাড়খণ্ড সংলগ্ন হওয়ায় এখানে মাঝেমধ্যে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই এলাকায় পুলিশের নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় মানুষজন তীব্র আতঙ্কে রয়েছেন। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত রহস্যের কিনারা করার চেষ্টা চলছে।