“ভারতের উন্নতি সহ্য হচ্ছে না….”- শুল্ক ইস্যুতে আমেরিকাকে চরম খোঁচা রাজনাথের

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নাম না করে আমেরিকাকে কটাক্ষ করে বলেছেন, দেশের দ্রুত উন্নতি অনেকের সহ্য হচ্ছে না। ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কিছু দেশ নিজেদেরকে বিশ্বের হর্তাকর্তা মনে করছে এবং ভারতের অগ্রগতি তাদের একেবারেই ভালো লাগছে না।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “যে গতিতে ভারত উন্নতি করছে, অনেকেরই তা সহ্য হচ্ছে না। একেবারেই ভালো লাগছে না ওদের। ওরা ভাবছে, আমরা তো সবার বস।” তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো শক্তি ভারতকে আটকাতে পারবে না।”
তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক মহল মনে করছে যে, তিনি পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি আমেরিকা ভারতের কিছু পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে ভারতের আত্মবিশ্বাস এবং বৈশ্বিক মঞ্চে নিজেদের অবস্থান নিয়ে সরকারের বার্তা স্পষ্ট হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে, ভারত এখন আর কোনো দেশের চাপ মেনে নেবে না এবং নিজেদের গতিতে উন্নতি করতে বদ্ধপরিকর। রাজনাথ সিংয়ের এই বক্তব্য দেশীয় শিল্প এবং প্রযুক্তির বিকাশের উপর জোর দেওয়ার সরকারের নীতির প্রতিফলন বলেও মনে করা হচ্ছে।