মর্মান্তিক দৃশ্য জাতীয় সড়কে! দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর দেহ বাইকে বেঁধে বাড়ি ফিরছেন স্বামী, অবাক নেটপাড়া

নাগপুর-জবলপুর জাতীয় সড়কে দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য, যা মানবতা এবং সমাজের সংবেদনশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এক পথ দুর্ঘটনায় স্ত্রী মারা যাওয়ার পর সাহায্যের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী। উপায়ন্তর না দেখে অবশেষে বাইকের পেছনে মৃত স্ত্রীর দেহ বেঁধে তিনি বাড়ির দিকে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

রাখি বন্ধনের দিনের মর্মান্তিক ঘটনা
গত ৯ই আগস্ট রাখি বন্ধনের দিনে অমিত যাদব (৩৫) তার স্ত্রী গয়ারসিকে (৩৫) নিয়ে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করণপুর যাচ্ছিলেন। মোরফাটা এলাকার কাছে একটি দ্রুতগামী ট্রাক তাদের বাইকে ধাক্কা মারে। ধাক্কায় গয়ারসি বাইক থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে উদ্ধার করতে অমিত রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্য চাইলেও, কোনো পথচারী বা গাড়িচালক সাহায্যের জন্য এগিয়ে আসেননি। অগত্যা, স্ত্রীর নিথর দেহ বাইকের পেছনে বসিয়ে নিজের সঙ্গে বেঁধে তিনি প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের গ্রাম সিওনির দিকে রওনা দেন।

ভাইরাল ভিডিও ও পুলিশের ভূমিকা
অমিতের এই হৃদয়বিদারক যাত্রার ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুদূর যাওয়ার পর একটি পুলিশ ভ্যান অমিতকে থামায় এবং তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে, মৃতদেহটি নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এই ঘটনা জাতীয় সড়কে যাত্রীদের নিরাপত্তা এবং পথচারীদের সংবেদনশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। মানুষ যখন সংকটে পড়ে, তখন সমাজের মানবিক দিকটি কোথায় হারিয়ে যায়, এই ঘটনা যেন তার এক করুণ প্রতিচ্ছবি।