OMG! ১৫ মাসের শিশুকে থাপ্পড়, কামড়, ডে-কেয়ারের CCTV-তে শিউরে ওঠা দৃশ্য, দেখুন ভিডিও

নয়ডার একটি ডে-কেয়ার সেন্টারে দেড় বছরের এক শিশু-কন্যার ওপর অমানবিক নির্যাতনের ঘটনা সামনে এসেছে, যা অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, কান্না থামানোর জন্য এক পরিচারিকা শিশুটিকে বারবার মারধর করছে এবং ইচ্ছে করে মাটিতে ফেলে দিচ্ছে। শিশুটির শরীরে মানুষের কামড়ের দাগ পাওয়ার পর এই বীভৎস ঘটনাটি প্রকাশ্যে আসে।

ঘটনাটি নয়ডার সেক্টর ১৩৭-এর ‘পারস টিরিয়া’ আবাসনের একটি ডে-কেয়ার সেন্টারে ঘটেছে। এই আবাসনে কর্মরত অনেক দম্পতি তাঁদের সন্তানদের এই ডে-কেয়ারের ভরসায় রেখে কাজে যান। শিশুটির মা প্রথমে তার উরুতে একটি দাগ দেখে অ্যালার্জি বলে মনে করেছিলেন, কিন্তু পরে শিশুটির অনবরত কান্না এবং অস্থিরতা দেখে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় যে সেটি মানুষের কামড়ের দাগ। এরপর ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই ভয়াবহ চিত্রটি ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত পরিচারিকা প্রথমে শিশুটিকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু শিশুটি কান্না না থামালে তাকে থাপ্পড় মারে। এরপর রাগে শিশুটিকে মাটিতে ফেলে দেয় এবং তার মাথা দেয়ালে ঠুকে দেওয়ার চেষ্টা করে। এমনকি, দরজা বন্ধ করে প্লাস্টিকের ব্যাট দিয়েও শিশুটিকে মারধর করতে দেখা যায়।

শিশুটির বাবা-মা দ্রুত সেক্টর ১৪২ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে এবং শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। জানা গেছে, অভিযুক্ত পরিচারিকা নিজেও নাবালিকা।

এই ঘটনায় শুধু পরিচারিকা নয়, ডে-কেয়ারের মালিকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর বাবা-মা। তাঁদের অভিযোগ, এই ঘটনা সম্পর্কে মালিককে জানানো হলে তিনি তা অস্বীকার করেন এবং উল্টে তাঁদের অশালীন ভাষায় হেনস্থা করেন। একইসঙ্গে এই অভিযোগও উঠেছে যে, ডে-কেয়ারটিতে বাচ্চাদের দেখাশোনার জন্য কোনো দক্ষ কর্মী নিয়োগ না করে নাবালিকাদের দিয়ে কাজ করানো হতো।

এই ঘটনা কর্মজীবী দম্পতিদের মধ্যে ডে-কেয়ারে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।