‘মুনিরের বক্তব্য নিয়ে রাষ্ট্রসংঘের পদক্ষেপ করা উচিত’, পাক সেনাপ্রধানের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস MP

মার্কিন ভূখণ্ডে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পারমাণবিক হুমকি এবং মুকেশ আম্বানির মতো শিল্পপতিদের ওপর হামলার হুমকির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি অবিলম্বে এই বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন। প্রমোদ তিওয়ারি, যিনি রাহুল গান্ধী এবং কংগ্রেস হাইকমান্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত, এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।
প্রমোদ তিওয়ারি বলেছেন, “আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপর খুব গর্বিত। পাকিস্তানের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন পুরো বিশ্ব জানে পাকিস্তানের উদ্দেশ্য কী। তাই বিশ্বের জেগে ওঠা উচিত।” তিনি আরও বলেন, মুনিরের এই বক্তব্য শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং ট্রাম্প এবং রাশিয়ার মতো দেশগুলির জন্যও সরাসরি হুমকি। তিওয়ারি প্রশ্ন তোলেন, “যে ব্যক্তি অর্ধেক বিশ্ব ধ্বংস করার হুমকি দিয়েছে সে কি আপনার সাথে বসে দুপুরের খাবার খাওয়ার যোগ্য? এটি একটি বিপজ্জনক বক্তব্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এটি বিবেচনা করা উচিত।”
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে একটি অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভারতের পূর্ব দিক থেকে হামলা শুরুর হুমকি দিয়েছেন। দ্য প্রিন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মুনির বলেছেন, “এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব।” তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি তাহলে এই হামলার জন্য বাংলাদেশকে ‘বেস’ হিসেবে ব্যবহার করবে?
একই অনুষ্ঠানে মুনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা (কোনো যুদ্ধে) হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।”
ভারত এবং পাকিস্তানের তুলনা করতে গিয়ে মুনির ভারতকে ‘চকচকে মার্সিডিজ’ এবং পাকিস্তানকে ‘পাথর বোঝাই ডাম্পার ট্রাক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “যদি দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে কোনটার বেশি ক্ষতি হবে?” এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির রাষ্ট্রসংঘে অভিযোগ জানানোর দাবি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।