জামালপুর ডাকঘরে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, প্রাক্তন পোস্টমাস্টারকে গ্রেফতার করল সিআইডি

পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর। রবিবার বিকেলে সিআইডি তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যায়। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
এই প্রতারণার শিকার হয়েছে জামালপুরের হটতলা এলাকার পাল পরিবার। তাঁদের অভিযোগ, ২০২১ সালে পরিবারের পাঁচজন সদস্য মিলে ‘ফিক্সড ডিপোজিট’ স্কিমে মোট ১২ লক্ষ ২০ হাজার টাকা জমা করেছিলেন। তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর তাঁদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাকাউন্ট বই ও সীল-স্ট্যাম্প দিয়েছিলেন।
ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের টাকার প্রয়োজন হয়। তাঁরা যখন টাকা তুলতে উপ-ডাকঘরে যান, তখন জানতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। তাদের জমা করা টাকার কোনো হিসাব ডাকঘরে ছিল না।
এরপর ন্যায়বিচারের জন্য পাল পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ তদন্তের পর সিআইডি রবিবার বিদ্যুৎ সুরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। এই গ্রেফতারির পর পাল পরিবার স্বস্তি প্রকাশ করে বলেছে, “আদালত ও সিআইডির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” এই ঘটনা সরকারি পরিষেবা এবং আমানতকারীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।