দিল্লিতে ভারী বৃষ্টিতে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমায় পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

দিভারী বৃষ্টির জেরে দিল্লিতে ঘটে গেল আরেকটি মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতে নর্দমার পানিতে তলিয়ে প্রাণ হারালো মাত্র দুই বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে দিল্লির খেরা খুর্দ এলাকায়। পুলিশ এবং দমকল বাহিনী দীর্ঘ উদ্ধার অভিযান চালালেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত নর্দমায় পড়ে যায়। শিশুটির বাবা-মা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি বিভাগকে খবর দেয়। উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করলেও, শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
একই দিনে দিল্লিতে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব দিল্লির হরি নগর, জৈতপুরে একটি প্রাচীর ধসে সাতজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুটি শিশুও রয়েছে। বৃষ্টির কারণে দিল্লিতে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, যা শহরের দুর্বল পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসন থেকে এই ধরনের দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।