আমেরিকার শুল্ক নীতির কড়া সমালোচনা, ট্রাম্পকে ‘সবকে বস’ বলে আক্রমণ রাজনাথ সিং-এর

ভারতের পণ্য রপ্তানির ওপর আমেরিকার শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে কটাক্ষ করে বলেন, “কিছু লোক আছে যারা ভারতের উন্নয়নের গতি সহ্য করতে পারছেন না। ‘আমরা তো সবার বস’, ভারত এত দ্রুত কিভাবে উন্নতি করছে?”

মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে বক্তৃতায় রাজনাথ সিং বলেন, ভারতীয় পণ্যকে কিছু দেশে স্থানীয় পণ্যের চেয়ে বেশি দামি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যাতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয়। তবে তিনি নিশ্চিত করেন, “বিশ্বের কোনো শক্তি ভারতকে একটি বৃহত্তর শক্তি হতে আটকাতে পারবে না।”

আমেরিকা সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং ২৫ শতাংশ জরিমানা আরোপ করেছে। ট্রাম্প মন্তব্য করেছিলেন, “আমি পরোয়া করি না ভারত রাশিয়ার সাথে কী করে। তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে নীচে নামাতে পারে।” রাজনাথ সিংয়ের মন্তব্যকে ট্রাম্পের এই বক্তব্যের পাল্টা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেও অর্থনৈতিকভাবে উন্নতি করছে। তিনি বলেন, “আপনারা জানলে খুশি হবেন যে আমরা এখন ২৪ হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছি।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ভারত এখন শুধু আমদানিনির্ভর নয়, বরং আত্মনির্ভরশীল হয়ে উঠছে।

রাজনাথ সিং-এর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।