ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে প্রতারণা, এটিএম কার্ড হাতিয়ে ৫৫ হাজার টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

নিজেকে ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে একাধিক মানুষকে প্রতারণা করার অভিযোগে অভিজিৎ সাহা (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, তিনি পরিচিতির মাধ্যমে এটিএম কার্ড হাতিয়ে অনলাইনে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করতেন। অভিজিতের বাড়ি শ্যামপুকুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভবানীপুরের এক বাসিন্দা ওড়িশা থেকে ফেরার পথে অভিজিতের সঙ্গে পরিচিত হন। অভিজিৎ নিজেকে ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর তিনি ওই ব্যক্তির থেকে ব্যাংক সংক্রান্ত তথ্য এবং এটিএম কার্ডের নম্বর নিয়ে নেন। এরপর ওইসব তথ্য ব্যবহার করে তিনি অনলাইনে ৫৫ হাজার টাকার ঋণ নেন এবং সেই টাকা আত্মসাৎ করেন।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে অনলাইন হোটেল বুকিং অ্যাপের মাধ্যমে অভিজিতের ঠিকানা খুঁজে বের করে এবং তাকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিজিৎ সাহা একই কায়দায় বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা দিয়ে তিনি বিলাসবহুল হোটেলে ঘুরে বেড়াতেন। পুলিশ আরও জানিয়েছে যে, এর আগেও কলকাতা পুলিশ এলাকায় দুটি এবং রাজ্য পুলিশের কাছেও তার বিরুদ্ধে দুটি প্রতারণার অভিযোগ রয়েছে। তাকে জেরা করে আরও কতজনের সঙ্গে তিনি এই ধরনের প্রতারণা করেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।