দমদম স্টেশনে ধুন্ধুমার, সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ,

শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধনের দিনই উত্তপ্ত হয়ে উঠল দমদম স্টেশন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং ধাক্কাধাক্কি শুরু হয়।
রবিবার সকালে সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শিয়ালদহ থেকে এসি লোকাল ট্রেনে দমদম স্টেশনে আসেন। এরপর সুকান্ত মজুমদার স্টেশনে থাকা বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে গেলে সেখানে উপস্থিত INTTUC-এর সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে অভিযোগ করেন। এক তৃণমূল কর্মী বলেন, “এদের বাংলায় কোনও জায়গা নেই, এরা বাংলা ও বাঙালি বিরোধী।” আরেকজন স্লোগান তোলেন, “আমরা কোনও কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা আমাদের বিদেশি বলছে, তাই যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলব।” এমনকি এসি লোকালের উদ্বোধনী ফলকে ‘শীততাপ’ বানান ভুল থাকার জন্যও তাঁরা বিজেপিকে কটাক্ষ করেন।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুকান্ত মজুমদার বলেন, “আমি রেলমন্ত্রীকে এই ঘটনা জানাব। আমি ভিডিও করতে বলেছি এবং তা আরপিএফ-এর মাধ্যমে রেলমন্ত্রীর কাছে পাঠাব।” তিনি আরও বলেন, “এরা সবাই তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। INTTUC-র লোক নাকি শ্রমিক সেজে এসেছিল।”
উল্লেখ্য, সম্প্রতি বাঙালি অস্মিতা ইস্যুতে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে ভাষা আন্দোলন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিরা হেনস্তার শিকার হচ্ছেন এবং বাংলাভাষী হলেই তাঁদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে দমদম স্টেশনের ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলল।