শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুললেন সুকান্ত মজুমদার, শুরু রাজনৈতিক বিতর্ক

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহের নাম পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে। রবিবার একটি নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই দাবি তুলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন, শিয়ালদহ স্টেশনের নামকরণ যেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়।
সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার পেছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম। তাই তাঁর নামেই এই স্টেশনের নামকরণ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে এলে রেল মন্ত্রক তা কার্যকর করতে পারে। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, তখন এই প্রস্তাব তাঁদের পক্ষ থেকেও আসা উচিত।”
উল্লেখ্য, গত বছর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও এই একই দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদহ অঞ্চলের ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে, বিশেষ করে উদ্বাস্তু শিবিরগুলির সঙ্গে।
যদিও তৃণমূল কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদহ স্টেশনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি বলেন, “এই স্টেশনের সঙ্গে যদি কোনো মনীষীর নাম জড়িত থাকে, তবে তা স্বামী বিবেকানন্দ। তাই নাম পরিবর্তনের প্রয়োজন হলে তা স্বামী বিবেকানন্দের নামেই হওয়া উচিত।”
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখা হয়েছিল। এবার শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি ঘিরে আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।