‘কৃতিত্ব চুরি’ করতে এসেছেন মোদি! বেঙ্গালুরু মেট্রোর উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধল কংগ্রেস

বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে কর্ণাটক কংগ্রেস। দলের দাবি, প্রধানমন্ত্রী ‘কৃতিত্ব চুরি’ করতে এসেছেন। কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এই প্রকল্পের টাইমলাইন এবং কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
প্রিয়াঙ্ক খাড়গে তাঁর পোস্টে লিখেছেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইয়েলো লাইনের উদ্বোধক হিসেবে কর্ণাটকে স্বাগত জানাচ্ছি। বিজেপি মরিয়া হয়ে ভোটচুরি থেকে কৃতিত্ব চুরির দিকে আমাদের ফোকাসকে ঘুরিয়ে দিতে শুরু করেছে ইয়েলো লাইন ফেজ-২ এর কৃতিত্ব নিয়ে।” এখানে ‘ভোট চুরি’ বলতে তিনি সম্প্রতি বিহার এবং মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপির বিষয়ে কংগ্রেসের তোলা অভিযোগের কথা উল্লেখ করেছেন।
বেঙ্গালুরু মেট্রো প্রসঙ্গে প্রিয়াঙ্ক খাড়গে দাবি করেছেন যে, এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর সময়েই ইউপিএ সরকার প্রথম দফায় বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছিল এবং তখন কেন্দ্রের অবদানই বেশি ছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলে যায় বলে তাঁর অভিযোগ। তিনি লিখেছেন, “পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অংশ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।”
প্রিয়াঙ্কের অভিযোগ, এই প্রকল্পের সিংহভাগ খরচ কর্ণাটক সরকারকেই বহন করতে হয়েছে, যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে জমি অধিগ্রহণ এবং অন্যান্য অতিরিক্ত খরচও অন্তর্ভুক্ত। অন্যদিকে, কেন্দ্র দফায় দফায় মাত্র ৮ হাজার কোটি টাকা দিয়েছে, যা কার্যত এই প্রকল্প থেকে ‘হাত ধুয়ে ফেলার’ সমান। এই পরিস্থিতিতে বাকি কাজ সম্পন্ন করার জন্য কর্ণাটক সরকারকে ঋণ নিতে হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বেঙ্গালুরু নাম্মা মেট্রোর ১৯.১৫ কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি নাম্মা মেট্রো ফেজ-৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তিনটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই কটাক্ষের পর এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি শিবিরের পক্ষ থেকে এর কোনো জবাব দেওয়া হয়নি।