সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুম্বইয়ের সেট বাতিল, সরাসরি লাদাখে হবে শ্যুটিং

বলিউড সুপারস্টার সলমন খান তার আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ফিরছেন। এই ছবিতে তাঁকে একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে। ছবিটি গালওয়ান উপত্যকায় ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যেকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি। যদিও মুম্বাইয়ে ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে ছবির শ্যুটিং সরাসরি লাদাখেই হবে।
জানা গেছে, অগস্ট মাস থেকে মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে মিড-ডে’র প্রতিবেদন অনুযায়ী, নির্মাতারা সেই পরিকল্পনা বাতিল করে স্টুডিওতে তৈরি সেটটিও ভেঙে ফেলছেন। পরিচালক অপূর্ব লাখিয়া চান, ছবির অ্যাকশন দৃশ্যগুলো ধারাবাহিকতা বজায় রেখে শ্যুটিং করা হোক। যেহেতু সলমনের লুকটি ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুম্বাই এবং লাদাখের শ্যুটিংয়ের মধ্যে ৩০ দিনের ব্যবধান রাখা হলে লুকের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। এই কারণেই ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি লাদাখেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু হবে।
এই ছবিতে সলমন খান কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছিল যে, প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির কারণে ছবিটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই খবরটি সম্পূর্ণ ভুল বলে সূত্র মারফত জানা গেছে। সূত্র অনুযায়ী, ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিটি কোনো দেশকে খলনায়ক হিসেবে উপস্থাপন না করে একজন ভারতীয় সৈনিকের সাহসিকতাকে তুলে ধরবে। ছবিটি নির্মাণের জন্য প্রয়োজনীয় সমস্ত অনুমতি আগেই নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এই ছবিতে প্রথমবারের মতো সলমন খানের সঙ্গে জুটি বাঁধছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া ছবিতে জেন শ, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো অভিনেতাদেরও দেখা যাবে।