“চাকরি পেলো প্রায় ১৫০০ জন”-ডেউচা পাঁচামিতে জমিদাতাদের আরও ২৮ জনকে নিয়োগপত্র

ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের মধ্যে আরও ২৮ জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর ফলে এই প্রকল্পে শুধুমাত্র জুনিয়র কনস্টেবল পদে চাকরি প্রাপকের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০৫ জন। এর আগে মোট ৮৭৭ জনকে এই পদে নিয়োগপত্র দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ডেউচা পাঁচামি প্রকল্পের সূচনা করেছিলেন এবং সেই সময় তিনি জমিদাতাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ এবং যোগ্যতা অনুযায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, গত ৬ আগস্ট ১৬ জন জমিদাতাকে গ্রুপ-ডি পদেও নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক বিধান রায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় ১৫০০ জন চাকরি পেয়েছেন।
শনিবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং জানান, নতুন করে নিয়োগ পাওয়া ২৮ জন জুনিয়র কনস্টেবলকে তিন মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তারা চাকরিতে যোগ দিতে পারবেন। তিনি আরও বলেন, “নতুন করে আরও ৩১৮ জনের আবেদন জমা পড়েছে। তাদের বেশিরভাগেরই ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং আমরা তাদের কাগজপত্র হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি।”
এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার জমিদাতাদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করছে, যা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।