কাশ্মীরে চলছে ‘অপারেশন আখাল’, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জওয়ান

কুলগামে জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন আখাল’-এ সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জওয়ান। শনিবার সকালে কুলগামের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। জানা গেছে, নিহত জওয়ানরা হলেন ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও হামিন্দর সিং।
গত ১ আগস্ট থেকে কুলগামে ‘অপারেশন আখাল’ শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, এখনো পর্যন্ত পাঁচজনের বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং আরও তিনজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে মোট ১০ জন জওয়ান আহত হয়েছেন।
এদিকে, কিছুদিন আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে দুজন পাকিস্তানি জঙ্গি ছিল। ইন্ডিয়া টুডে ওই দুই পাকিস্তানি জঙ্গির ছবি প্রকাশ করেছে। ওই দুই জঙ্গি, হাবিব তাহির ও জিবরান, পহেলগাঁও হামলার মূল চক্রী ছিল। এছাড়াও এই অভিযানে লস্কর-ই-তৈবার কমান্ডার হাসিম মুসাকেও নিকেশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানিয়েছেন, “বৈসরন উপত্যকায় পরিবারের সামনে ধর্মীয় পরিচয় জেনে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছিল… সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে হামলায় যুক্ত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।”
তিনি আরও জানান, ওই তিন জঙ্গি তাঁবুর মধ্যে ঘুমিয়ে থাকাকালীন তাদের ধরা হয়েছিল। এটি কোনো পূর্বপরিকল্পিত এনকাউন্টার ছিল না, বরং পরিস্থিতি অনুযায়ী অভিযানটি চালানো হয়। কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযান জোরদার করার জন্য নিরাপত্তা বাহিনী নিরন্তর কাজ করে যাচ্ছে।