ঘাটালের বীরসিংহ গ্রামে রেশনের চাল পাচারের অভিযোগ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিদ্যাসাগরের জন্মভূমি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে রেশনের চাল ও আটা পাচারের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, বীরসিংহ গ্রামের সিঙডাঙা সমবায় সমিতি থেকে গ্রাহকরা সময় মতো সরকারি রেশনের জিনিসপত্র পাচ্ছেন না। উল্টে সেই রেশনের সামগ্রী, বিশেষ করে চাল ও আটা, বাইরে পাচার করা হচ্ছে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি ট্রাক্টর বোঝাই রেশনের চাল ও আটা পাচার করার সময় আটক করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভে গ্রামের বহু মানুষ যোগ দেন, যার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছয় বস্তা চাল ও গম বাজেয়াপ্ত করে।
বিক্ষোভের মুখে রেশন দোকানের সমবায় কর্তৃপক্ষ এক অদ্ভুত সাফাই দেয়। তারা দাবি করে, বাজেয়াপ্ত করা চাল ও গম নষ্ট হয়ে গিয়েছিল। তাই তারা একজন হকারকে সেগুলো বিক্রি করে দিচ্ছিল, এবং বিনিময়ে হকার তাদের ভালো মানের সামগ্রী ফেরত দিত। কিন্তু গ্রামবাসীরা এই আজগুবি সাফাই মানতে রাজি হননি। তাদের দাবি, এটা স্পষ্টতই কালোবাজারি এবং দুর্নীতির একটি অংশ।
এই ঘটনা এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। গ্রামবাসীরা চান, প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।