হরিনহাড়োয় কুকুরের তাণ্ডব, রাত নামলেই বাড়ছে আতঙ্ক, ২০ জন আহত

উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানা এলাকায় কুকুরের তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে মাখালগাছি সহ বিভিন্ন গ্রামে রাত নামলেই হিংস্র কুকুর দল বেঁধে আক্রমণ চালাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জন মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে শিশুরাও রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে একদল হিংস্র কুকুর রাতের অন্ধকারে রাস্তায় কাউকে দেখলেই তাড়া করছে এবং কামড়ে দিচ্ছে। এর ফলে রাতে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১০ জনকে হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হাড়োয়া ব্লক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টির্যাবিস ভ্যাকসিন মজুত আছে এবং এখনও পর্যন্ত কোনো জটিল পরিস্থিতি তৈরি হয়নি। চিকিৎসকরা দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও বন দফতরের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয়দের দাবি, “এভাবে চলতে থাকলে যেকোনো দিন বড় ধরনের বিপদ ঘটতে পারে। প্রশাসন অবিলম্বে কুকুরগুলিকে ধরার ব্যবস্থা করুক।”
প্রশাসন সূত্রে জানা গেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত কুকুর ধরার ব্যবস্থা করবে। তবে স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন এবং অপেক্ষা করছেন কবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন।