‘সাইয়ারা’র আহান-অনীত চুটিয়ে প্রেম করছেন? দুই উঠতি তারকার ডেটিং ঘিরে গুঞ্জন

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘সাইয়ারা’-র রোম্যান্টিক আবহ এখন শুধু বড় পর্দাতেই সীমাবদ্ধ নয়, এর নায়ক-নায়িকার প্রেমকাহিনি বাস্তবেও ডানা মেলছে বলে জল্পনা তুঙ্গে। অভিনেতা আহান পান্ডে এবং নবাগত অভিনেত্রী অনীত পাড্ডার অন-স্ক্রিন রসায়ন এখন দেশজুড়ে আলোচনার বিষয়। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের মধ্যেই এই জুটির বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, যা বলিউড পাড়ার অলিগলিতে এখন প্রধান আলোচ্য বিষয়।
সম্প্রতি মুম্বাইয়ের একটি বুটিক থেকে একসঙ্গে বেরোনোর সময় আহান ও অনীতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তারা দু’জনই বেশ স্বচ্ছন্দ এবং তাদের সঙ্গে আহানের মা-ও উপস্থিত ছিলেন। ভিডিওতে একটি বিশেষ মুহূর্ত নজরে এসেছে, যেখানে আহান অনীতের হাত ধরার জন্য হাত বাড়িয়েছেন। ছবি মুক্তির পর এই প্রথমবার তাদের দু’জনকে প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল, আর এই দৃশ্যই তাদের ডেটিং-এর জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এই বিষয়ে আহান বা অনীত কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
তবে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি সূত্র এই জল্পনা উড়িয়ে দিয়েছে। সূত্রটি জানিয়েছে, “তারা শুধুই ভালো বন্ধু। ছবির সাফল্য তাদের দু’জনকে আরও কাছাকাছি এনেছে এবং তারা এই সাফল্যে অত্যন্ত উচ্ছ্বসিত। কিন্তু তাদের মধ্যে কোনো রোম্যান্টিক সম্পর্ক নেই।”
তবে বলিউড মহলের অনেকেই মনে করছেন, ‘আমরা শুধুই বন্ধু’— এই চিরাচরিত ডায়লগের আড়ালে অনেক সময়ই প্রেমের সম্পর্ক লুকিয়ে থাকে। বিশেষ করে যখন কোনও ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে তার নায়ক-নায়িকার মধ্যে এক বিশেষ বোঝাপড়া তৈরি হয়। ‘সাইয়ারা’ ছবির ব্লকবাস্টার হিট হওয়ার পর আহান-অনীতের এই ব্যক্তিগত রসায়ন এখন সবার নজর কেড়েছে। তাদের পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পাবে কিনা, তা জানতে এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।