৪ দিন পর খুলল শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়ক, তবে রয়েছে বেশকিছু শর্ত

টানা তিনদিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলে দেওয়া হলো ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10)। ভারী বৃষ্টির কারণে শ্বেতীঝোরায় ভয়াবহ ধস নেমে এই গুরুত্বপূর্ণ সড়কটি তিস্তা নদীতে তলিয়ে গিয়েছিল, যার ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) জানিয়েছে, আপাতত একমুখী যান চলাচল শুরু করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং পণ্য পরিবহণকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

৩রা আগস্টের প্রবল বর্ষণে শ্বেতীঝোরায় ধসের ফলে জাতীয় সড়কের একটি বড় অংশ তিস্তায় তলিয়ে যায়। এর ফলে হাজার হাজার পর্যটক এবং পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কাজ শুরু করে NHIDCL। সংস্থার আধিকারিক রাহুল কুমার গুপ্তা জানান, “পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে, যার ফলে কিছুটা সময় লেগেছে। আমরা এখন একমুখী চলাচলের অনুমতি দিচ্ছি। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে।”

তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে, সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি বিকল্প রাস্তা খোলা রাখা হয়েছে। রংপো থেকে কার্সিয়ং ও দার্জিলিং হয়ে শিলিগুড়ির রুটে শুধুমাত্র ছোট যানবাহন চলাচল করতে পারছে। লাভা থেকে গরুবাথান হয়ে শিলিগুড়ি, লাভা থেকে কালিম্পং এবং লাভা থেকে সিকিমের রাস্তা খোলা আছে। তবে লাভা থেকে লোলেগাঁও এবং লাভা থেকে রেশি হয়ে সিকিমের রাস্তা এখনো বন্ধ আছে।

কালিম্পং পুলিশও গ্যাংটক যাওয়ার জন্য তিনটি বিকল্প রাস্তার কথা জানিয়েছে। এই আংশিক যোগাযোগ চালু হওয়ায় স্থানীয় অর্থনীতি এবং পর্যটন শিল্প কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।