আয়কর বাঁচাতে ‘ফ্লপ’ সিনেমা বানিয়েছিলেন কিশোর কুমার, আয় করল কোটি কোটি টাকা,

মহান গায়ক এবং অভিনেতা কিশোর কুমারের জীবন নানা মজার এবং আশ্চর্যজনক ঘটনায় পরিপূর্ণ। এমন একটি ঘটনা হলো তার ‘চালতি কা নাম গাড়ি’ ছবিটি তৈরির পেছনের আসল উদ্দেশ্য। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি কেবল একটি সুপারহিট চলচ্চিত্রই ছিল না, বরং এর পেছনে ছিল কিশোর কুমারের এক অনন্য কৌশল, যা আয়কর থেকে রেহাই পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল।
১৯৫৮ সালে যখন কিশোর কুমার তার পেশাগত জীবনের শীর্ষে, তার আয়ও আকাশচুম্বী ছিল। স্বাভাবিকভাবেই, তাকে বিরাট অঙ্কের আয়কর দিতে হচ্ছিল। এই করের বোঝা থেকে কিছুটা মুক্তি পেতে তিনি একটি পরিকল্পনা করেন। তিনি এমন একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন, যা ইচ্ছাকৃতভাবে ফ্লপ করানো হবে। তারপর সেই ফ্লপ সিনেমা দেখিয়ে তিনি আয়কর কমানোর আবেদন করবেন।
এই উদ্দেশ্য নিয়েই তিনি তার দুই ভাই অশোক কুমার ও অনুপ কুমারকে নিয়ে ‘চালতি কা নাম গাড়ি’ ছবিটি তৈরি শুরু করেন। ছবিতে মধুবালা এবং তিনি নিজেও অভিনয় করেন। ছবিটি কম বাজেটে তৈরি করা হয়েছিল। কিন্তু তার এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। অসাধারণ অভিনয় এবং গানের কারণে ছবিটি মুক্তির পরই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জানা যায়, ৩৫ লক্ষ টাকা বাজেটে তৈরি এই ছবিটি সেই সময় আড়াই কোটি টাকার বেশি আয় করে, যা ছিল এক বিরাট সাফল্য। ছবিটি শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে প্রদর্শিত হয়েছিল।
ফলস্বরূপ, আয়করের বোঝা কমার বদলে আরও বেড়ে যায়। উপায়ান্তর না দেখে, আয়কর থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য তিনি ছবির স্বত্ব তার ব্যক্তিগত সহকারীর (পিএ) নামে করে দেন। এই ঘটনাটি কিশোর কুমারের জীবন এবং তার উদ্ভাবনী মানসিকতার একটি মজার দিক তুলে ধরে।