Windows: এবার বন্ধ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এসই, সংস্থা নিলো বড় সিদ্ধান্ত

মাইক্রোসফট তাদের শিক্ষা খাতের জন্য তৈরি করা হালকা অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এসই বন্ধ করার ঘোষণা দিয়েছে। মূলত কম দামি ল্যাপটপে ক্রোমবুকের বিকল্প হিসেবে এটি ২০২১ সালে চালু করা হয়েছিল। তবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় মাইক্রোসফট এটিকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উইন্ডোজ ১১ এসই ছিল একটি সীমিত সংস্করণ, যা কম শক্তিশালী হার্ডওয়্যারে চলার উপযোগী ছিল এবং শুধু মাইক্রোসফট অনুমোদিত অ্যাপগুলোই এতে ইনস্টল করা যেত। এই সীমাবদ্ধতা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি, কারণ এটি প্রচলিত উইন্ডোজের মতো ফ্লেক্সিবল ছিল না। বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ক্রোমবুকস ইতিমধ্যেই বেশ জনপ্রিয়, সেখানে উইন্ডোজ ১১ এসই সুবিধা করতে পারেনি।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ এসই-এর ডেভেলপমেন্ট খুব শিগগিরই বন্ধ করা হবে। নতুন কোনো ডিভাইসে এটি আর প্রি-ইনস্টলড থাকবে না। তবে যারা বর্তমানে এটি ব্যবহার করছেন, তাদের জন্য নিরাপত্তা আপডেট ২০২৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই সিদ্ধান্তটি মাইক্রোসফটের কৌশলের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোম্পানি এখন এআই-ভিত্তিক এবং ক্লাউড-ফোকাসড উইন্ডোজ সংস্করণের দিকে মনোযোগ দিচ্ছে।