মাটি কাঁপছে হিমবাহ গলার কারণে! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

সারা বিশ্বে মাটির গভীরে মৃদু কম্পনের সংখ্যা বাড়ছে। যদিও এই কম্পন সাধারণ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়, কিন্তু যন্ত্রে তা স্পষ্ট ধরা পড়ছে। অস্ট্রেলিয়ার একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় এই মৃদু ভূমিকম্পের কারণ হিসেবে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য: হিমবাহ গলে যাওয়া এবং অতিরিক্ত জল মাটির নিচে জমা হওয়া।
বিশেষত গরমকাল এবং বসন্তকালে এই কম্পন বেশি হচ্ছে। গবেষকরা দেখেছেন যে, বছরের এই নির্দিষ্ট সময়ে হিমবাহের বরফ গলে দ্রুত জল তৈরি হয়। সেই অতিরিক্ত জল মাটির একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছানোর পর সেখানে প্রবল চাপ সৃষ্টি করছে, যার ফলে মাটি কেঁপে উঠছে। শুধু হিমবাহ নয়, প্রবল বৃষ্টিপাতের পরেও অনেক জায়গায় এমন মৃদু কম্পন লক্ষ্য করা যাচ্ছে। এই কম্পনগুলো বৃষ্টিপাতের একদিনের মধ্যেই শুরু হয় এবং এর প্রধান কারণ অতিরিক্ত জল মাটির গভীরে জমা হওয়া।
এই গবেষণাটি শুরু হয় নিউজিল্যান্ডের সেন্ট্রাল সাদার্ন আল্পস অঞ্চলে, যেখানে হিমবাহ গলনের কারণে মাটির নিচে কম্পন অনেকটাই বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ে গবেষণায় নেমে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই কারণটি খুঁজে বের করেছেন। একই ধরনের ঘটনা ইউরোপীয় আল্পস অঞ্চলেও লক্ষ্য করা যাচ্ছে।
এই আবিষ্কারটি জলবায়ু পরিবর্তন এবং তার ফলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, হিমবাহ গলে যাওয়া এবং অত্যধিক বৃষ্টির মতো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘটনাগুলি পৃথিবীর ভূতাত্ত্বিক কার্যকলাপের উপরও প্রভাব ফেলছে। এই ধরনের কম্পন ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত বহন করছে কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।