শুভমন গিলের কাঁধে নতুন দায়িত্ব, দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের নেতৃত্ব দেবেন তরুণ তারকা

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর এবার নতুন দায়িত্ব পেলেন ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে আসন্ন দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তিনটি সেঞ্চুরির সাহায্যে মোট ৭৫৪ রান করে শুভমন সকলের নজর কেড়েছিলেন। সিরিজ জিততে না পারলেও তার নেতৃত্বে শেষ টেস্টে ভারতের অভাবনীয় জয় সিরিজ ড্র করতে সাহায্য করে।
পুরনো ফরম্যাট অনুযায়ী, দলীপ ট্রফিতে বিভিন্ন অঞ্চলভিত্তিক ছয়টি দল অংশ নিচ্ছে। আগামী ২৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ১৬ সদস্যের উত্তরাঞ্চলের দলে শুভমন গিল ছাড়াও আরও তিন তারকা ক্রিকেটার রয়েছেন, যাদের মধ্যে আছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আয়ুষ বাদোনি, যশ ধূল এবং মায়াঙ্ক দাগার। তবে এই দলে সুযোগ পাননি আরেক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।
এদিকে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ আগস্ট থেকে এবং এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। যদি শুভমন গিল এশিয়া কাপের জন্য জাতীয় দলে সুযোগ পান, তাহলে তার পক্ষে দলীপ ট্রফিতে খেলা সম্ভব হবে না। সেক্ষেত্রে উত্তরাঞ্চলের পক্ষ থেকে তার পরিবর্ত হিসেবে শুভম রোহিল্লার নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অর্শদীপ সিং এবং হর্ষিত রানার জন্যও বিকল্প খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়েছে। জাতীয় দলে ডাক পেলে অর্শদীপের জায়গায় গুরনুর ব্রার এবং হর্ষিতের জায়গায় অনুজ থারকাল দলে যোগ দেবেন।