বীরভূমে বৃষ্টির বলি এক, দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু আদিবাসী মহিলার

টানা ভারী বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই একই ছবি। জল জমে নষ্ট হচ্ছে ফসল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এরই মাঝে বীরভূমের রামপুরহাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার। বৃষ্টির জেরে দেওয়াল ধসে এই ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার নাম মাইতি টুডু, তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর। জানা গেছে, ভোররাতে যখন মাইতি টুডু এবং তার মেয়ে বাড়ির উঠোনে ঘুমিয়ে ছিলেন, সেই সময় প্রবল বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে পড়া কাঁচা দেওয়ালটি হঠাৎ ধসে পড়ে। দেওয়ালের ধ্বংসাবশেষে চাপা পড়েন মা ও মেয়ে।

পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির ভেতরে ঘুমোচ্ছিলেন। বিকট আওয়াজ শুনে তারা দ্রুত ছুটে এসে মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। ধ্বংসাবশেষ সরিয়ে কোনোরকমে মেয়েকে প্রাণে বাঁচানো গেলেও, গুরুতর আহত মাইতি টুডুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর শেষকৃত্যের জন্য মৃতদেহ সুফলকুড়ি গ্রামে আনা হয়। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।