ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা, এবার বড় ঘোষণার পথে শুভেন্দু

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখনই ভারী বৃষ্টিপাতের কারণে ফের জলমগ্ন ঘাটালের বাসিন্দারা। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল সফরে গিয়ে মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে দেড় হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিলেন। ঠিক ৪৮ ঘণ্টা পর এবার এই বিষয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীকে “পৃথিবীর সর্বোশ্রেষ্ঠ মিথ্যাবাদী” বলে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আমি আজ উত্তর দিতে এসেছি।” তিনি জোর দিয়ে বলেন যে, দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং গত ১৪ বছরের তৃণমূল সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে পারেনি। এরপর তিনি সরাসরি বার্তা দেন যে, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার এলে তারাই এই মাস্টার প্ল্যান কার্যকর করবে।

শুভেন্দু অধিকারী বলেন, “২০২৬-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে।” এই ঘোষণার মাধ্যমে তিনি কার্যত ঘাটালের জলযন্ত্রণাকে সামনে রেখে আসন্ন নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বড় হাতিয়ার তৈরি করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘাটাল মাস্টার প্ল্যান একটি দীর্ঘদিনের জনদাবি, যা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর অব্যাহত। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নির্বাচনী প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।