বাঁকুড়া জেলা পুলিশের বিরাট সাফল্য, ১,০২৫টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা

হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে এক নজিরবিহীন সাফল্য দেখাল বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১,০২৫টি মোবাইল ফোন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে ফোন হারানোর হতাশায় ভুগতে থাকা মানুষরা ফিরে পেলেন তাদের প্রিয় জিনিস।
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মোবাইলগুলো হস্তান্তর করেন। অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও এই সময় উপস্থিত ছিলেন। মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মুখে ছিল তৃপ্তির হাসি। তারা বাঁকুড়া জেলা পুলিশকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।
পুলিশ সুপার জানান, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারানো ও চুরি যাওয়ার অভিযোগ জমা পড়া ১,০২৫টি মোবাইল ফোন প্রযুক্তির সাহায্যে ট্র্যাক করে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মোবাইলগুলো খুঁজে বের করতে সাইবার ক্রাইম ইউনিট এবং অন্যান্য থানাগুলির বিশেষ ভূমিকা ছিল। জেলা পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষ অত্যন্ত খুশি।