দেব-শুভশ্রীকে নিয়ে আবেগে ভাসলেন এসভিএফ প্রযোজক, ‘ধুমকেতু’র আগে বিশেষ বার্তা

দীর্ঘ ১০ বছর পর এক মঞ্চে দেব এবং শুভশ্রীকে দেখে টলিউড এবং তাদের ভক্তমহলে যে আবেগ তৈরি হয়েছে, তা যেন থামছেই না। সম্প্রতি নজরুল মঞ্চে একটি ইভেন্টে এই তারকা জুটিকে একসঙ্গে দেখার পর থেকেই আবার কবে তারা একসঙ্গে কাজ করবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে দেবের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়ে সেই আবেগ আরও বাড়িয়ে দিয়েছেন এসভিএফ-এর প্রযোজক মহেন্দ্র সোনি।

মহেন্দ্র সোনি শুধুমাত্র একটি চিঠি নয়, সঙ্গে একগুচ্ছ ফুলও পাঠিয়েছেন দেবের কাছে। এই উপহার পেয়ে দেব আবেগপ্রবণ হয়ে সেই চিঠি এবং ফুলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি লেখেন, “আমি সাধারণত চিঠির ছবি পোস্ট করি না, কিন্তু এটা ভীষণ স্পেশাল। আমার কাছে এই চিঠিটা একটা পুরস্কারের মতো।”

এই চিঠিটি শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রানা সরকারের মতো অনেকেই শেয়ার করেছেন। শুভশ্রী তার ইনস্টাগ্রামে চিঠিটি শেয়ার করে লেখেন, “এই চিঠিটা আমার মন ছুঁয়ে গেল। এতটা স্পেশাল অনুভূতি হল যে আমি কাঁদলাম, হাসলাম। এটা তোমার দেওয়া সেরা উপহার মণিদা।”

চিঠিতে মহেন্দ্র সোনি লিখেছেন, “গতকাল আমি তোমায় এবং শুভশ্রীকে একসঙ্গে স্টেজ পারফরম্যান্স করতে দেখলাম। আমার ভীষণ গর্ববোধ হচ্ছিল। তোমার সঙ্গে ‘আই লাভ ইউ’ ছবির মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল। এরপর ‘পরান যায় জলিয়া রে’ ছিল একটা দুর্দান্ত ব্লকবাস্টার সিনেমা। ছবিতে নায়কের চরিত্র হোক অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তুমি সব সময় সর্বত্র নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছ।”

তিনি আরও বলেন, “আগামী ১৪ই আগস্ট ‘ধুমকেতু’ মুক্তি পাবে, যা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা আবেগ। গতকাল লাইভ মিউজিক কনসার্টকে যেন একটা কবিতার মতো দেখতে লাগছিল। তোমাদের দুজনকে আবার দেখে অনেকে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিল। একটা আবেগ তৈরি হয়েছিল সব মিলিয়ে। ‘ধুমকেতু’ ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। দেশু।”

প্রযোজকের এই আবেগঘন চিঠি থেকে অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি হয়তো দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। তাদের ভক্তরাও এখন সেই আশায় বুক বাঁধছেন।