ঝাড়গ্রাম যাওয়ার পথে কনভয় থামিয়ে, পাড়ায় সমাধান’ কর্মসূচি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মঙ্গলবার মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে তাঁর ঝাড়গ্রামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সার্কিট হাউস থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে আকস্মিকভাবে তিনি মেদিনীপুর শহরের একটি ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে তাঁর কনভয় থামিয়ে দেন। মুখ্যমন্ত্রীর এই হঠাৎ পরিদর্শনে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

মেদিনীপুর শহরের নারায়ণ বিদ্যাভবন স্কুলে ‘আমার পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছিল। সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। মুখ্যমন্ত্রীর কনভয় হঠাৎ থেমে যাওয়ায় সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা অবাক হয়ে যান। প্রশাসনের সূত্র থেকে জানা গেছে, মুখ্যমন্ত্রী নিজে একবার এই কর্মসূচি পরিদর্শন করতে চেয়েছিলেন। যদিও মানুষের ভিড়ের কারণে তিনি ভেতরে প্রবেশ করেননি।

গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সঙ্গে কথা বলেন এবং এই কর্মসূচিতে মানুষের সাড়া কেমন, তা জানতে চান। তিনি সেখানে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গেও কথা বলেন।

প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি বুথ এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য ‘আমার পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষ সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের চেষ্টা করা হয়। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং পুরপ্রধানকে তাদের সমস্যা সমাধানের পরামর্শ দেন।

শুধু মেদিনীপুরেই নয়, এদিন তিনি খড়্গপুর শহরেও তৃণমূল নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। খড়্গপুর শহরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী এবং হেমা চৌবের সঙ্গে তাঁর কথোপকথন হয়। এই নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে আগামী নির্বাচনে তারা খড়্গপুর থেকে তৃণমূলকে জেতাবেন। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।