মেট্রোর রড ঢুকল অটোযাত্রীর মাথায়, মুম্বইয়ের ভয়াবহ দুর্ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

মুম্বইয়ে মেট্রো প্রকল্পের নির্মাণ কাজের সময় চরম গাফিলতির ফলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত অটোরিকশার এক যাত্রী সোনু আলি (২০)-এর মাথায় একটি লোহার রড ঢুকে গিয়েছে। ঘটনাটি ঘটেছে থানে-ভিওয়ান্ডি মেট্রো রুটের নারপোলি-ধামঙ্কর নাকার কাছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সোনুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুম্বই মেট্রো-৯ প্রকল্পের একটি নির্মীয়মাণ পিলারের কাছে কাজ চলছিল। সেই সময় কোনোভাবে একটি লম্বা লোহার রড পিলার থেকে বেরিয়ে এসে দ্রুত গতিতে যাওয়া একটি অটোরিকশার মধ্যে ঢুকে যায়। রডটি সরাসরি সোনু আলির মাথায় বিঁধে যায়। সঙ্গে সঙ্গে অটোর চালক ব্রেক কষেন এবং যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সোনুকে অটো থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) গভীর দুঃখ প্রকাশ করেছে এবং একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, আহত ব্যক্তির চিকিৎসার সমস্ত খরচ MMRDA বহন করবে এবং তাকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, তত্ত্বাবধানের ত্রুটির জন্য মেট্রোর কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থাগুলিকে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

MMRDA কর্তৃপক্ষ এই ঘটনার সঠিক তদন্তের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। তারা বলেন, “ঘটনার যথাযথ তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এই দুর্ঘটনার পর মুম্বই মেট্রো প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শহরের মতো ব্যস্ত একটি এলাকায় যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে নির্মাণ কাজের সময় কেন এমন গাফিলতি হচ্ছে তা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।