মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকলো বিপুল অঙ্কের টাকা! কীভাবে সম্ভব? চক্ষু চড়কগাছ ছেলের

গ্রেটার নয়ডার ডানাকুর এলাকায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা স্থানীয় প্রশাসন এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবাক করে দিয়েছে। গত সপ্তাহে ১৯ বছর বয়সী দীপক ওরফে দীপু নামে এক যুবক তার মৃত মায়ের কোটাক মহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্টে ১.১৩ লক্ষ কোটি টাকা জমা হওয়ার একটি বার্তা পেয়েছেন। তার মা গায়ত্রী দেবী দু’মাস আগে মারা গিয়েছিলেন এবং তারপর থেকে দীপকই অ্যাকাউন্টটি পরিচালনা করছিলেন।

গত ৩ আগস্ট রাতে দীপুর ফোনে একটি মেসেজ আসে যেখানে তার অ্যাকাউন্টে ৩৭ অঙ্কের এক বিপুল পরিমাণ টাকা জমা হওয়ার খবর ছিল। এই বার্তা দেখে দীপু প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি বন্ধুদের মেসেজটি দেখিয়ে নিশ্চিত হতে চাইলে তারাও হতভম্ব হয়ে পড়েন।

যদিও এই খবর ছড়িয়ে পড়ার পর কোটাক মহিন্দ্রা ব্যাংক একটি বিবৃতিতে দাবি করেছে যে, গ্রাহকের অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ টাকা জমা হওয়ার খবরটি ভুয়ো। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং সমস্ত পরিষেবা নিরাপদ। গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করার জন্য কোটাকের মোবাইল ব্যাংকিং অ্যাপ বা নেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।”

তবে, এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই দীপুর কাছে আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের ফোন আসতে থাকে। হঠাৎ করে ভাগ্য পরিবর্তন নিয়ে সকলের আগ্রহ দেখে বিরক্ত হয়ে দীপক তার ফোন বন্ধ করে দেন।

এদিকে, এই রহস্যময় লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করেছে আয়কর বিভাগ। কর্মকর্তারা জানার চেষ্টা করছেন, কীভাবে একজন মৃত গ্রাহকের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা জমা হতে পারে। প্রাথমিকভাবে এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাংকিং ভুলের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, এর সঙ্গে অর্থ পাচারের কোনো সংযোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সাইবার নিরাপত্তা ও ব্যাংকিং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।