ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম! রাস্তা ভেঙে বিচ্ছিন্ন দুই গ্রাম, চরম বিপাকে হাজার হাজার মানুষ

গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে বীরভূমের দুবরাজপুর ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে। যশপুর পঞ্চায়েতের সেরিনা বিবির বাঁধ সংলগ্ন যশপুর-হেতমপুর সংযোগ সড়কের একটি কালভার্ট ও পিচ রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জলের প্রবল স্রোতে বাঁধের একটি বড় অংশও ভেসে গেছে, যার ফলে যশপুর ও হেতমপুর গ্রাম দুটির মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনায় এলাকার কয়েক হাজার বাসিন্দা চরম বিপাকে পড়েছেন।

প্রতিদিন যারা যশপুর থেকে হেতমপুর হয়ে শহরমুখী হন, সেই সকল নিত্যযাত্রীদের এখন অতিরিক্ত ১০-১২ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল ও কলেজ পড়ুয়ারা।

শুধু রাস্তাঘাট নয়, এই দুর্যোগে কৃষকদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে যাওয়া বাঁধের জল উপচে পড়ায় প্রায় ২০-২৫টি ধানের জমি নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষক শেখ মইন উদ্দিন জানান, “বৃষ্টি কিছুটা কমেছে ঠিকই, কিন্তু জলের যন্ত্রণা আমাদের পিছু ছাড়ছে না। রাস্তা ও বাঁধ ভেঙে যাওয়ায় আমাদের চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে।”

ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, প্রশাসন দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করুক। এই গুরুত্বপূর্ণ সংযোগপথটি ভেঙে যাওয়ায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে। খবর পেয়ে দুবরাজপুর ব্লকের বিডিও এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা গ্রামবাসীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, দ্রুত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হবে।