হাওড়ার গঙ্গাধরপুরে ‘২০ টাকায় চিকিৎসা ও ওষুধ’- বিবেকানন্দ গ্রন্থাগারের মানবিক উদ্যোগ

সামান্য আয়ের গরিব পরিবারগুলির চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হাওড়ার গঙ্গাধরপুর বিবেকানন্দ গ্রন্থাগার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। মাত্র ২০ টাকার বিনিময়ে নামি চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন এলাকার প্রায় ১৫-২০টি গ্রামের মানুষ। এটি এমন এক মানবিক উদ্যোগ যা চিকিৎসা খাতে বিপুল খরচের এই সময়ে গরিব মানুষদের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে।
দীর্ঘ কয়েক দশক আগে এই গ্রন্থাগারের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা শুরু হয়। ১৯৭৮ সালের বন্যার পর যখন হাওড়া শহর থেকে ৩৫-৪০ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাধরপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল এবং মানুষের পক্ষে চিকিৎসা করানো প্রায় অসম্ভব ছিল, তখন স্থানীয় কিছু মানুষ একত্রিত হয়ে এই উদ্যোগ নেন। ২০০০ সালের পর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এখানে বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়।
বর্তমানে এই পরিষেবা এতটাই জনপ্রিয় হয়েছে যে গঙ্গাধরপুর, গোন্ডলপাড়া, দেউলপুর, জুজারসাহা সহ আশেপাশের প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ মাসে দু’দিন এই সুবিধা নিতে আসেন। যেখানে একজন চিকিৎসকের ফি ৪০০-৫০০ টাকা এবং তার উপর ওষুধের খরচ, সেখানে মাত্র ২০ টাকায় এই পরিষেবা পাওয়া বহু মানুষের কাছে এক বিশাল স্বস্তি।
প্রতিষ্ঠানের সম্পাদক সুজিত কুমার মান্না জানান, চার দশকেরও বেশি সময় ধরে এই স্বাস্থ্য পরিষেবা চলছে। এক সময় শিক্ষার আলো ছড়ানো এই গ্রন্থাগার এখন চিকিৎসা পরিষেবার মাধ্যমে সমাজের সেবা করছে। বর্তমান সম্পাদক ডা. আশীষ ঘোষ বলেন, “শুধু চিকিৎসা নয়, বিনামূল্যে ওষুধ পাওয়ায় গরিব পরিবারগুলি খুব উপকৃত হচ্ছে। ১৫ দিন অন্তর বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন।” বর্তমানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি চোখের চিকিৎসাও এখানে দেওয়া হয়।