“মাঝপথেই অক্ষয়কে বাদ দিতে বাধ্য হই”-প্রিয়াঙ্কা-অক্ষয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক

এক সময়ের বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা বলিউডে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সুনীলের কথায়, এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের জেরে তার পরিচালিত একটি ছবির কাজ মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল।

সুনীল দর্শন তার আসন্ন ছবি ‘আন্দাজ ২’ নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করেন তার পুরনো ছবি ‘বরসাত’-এর। তিনি জানান, এই ছবির জন্য তিনি প্রিয়াঙ্কা ও অক্ষয়কে নিয়ে একটি গানের শুটিংও শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই অক্ষয় কুমার ব্যক্তিগত সমস্যার কথা বলে এই ছবি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন।

সুনীল সাক্ষাৎকারে বলেন, “অক্ষয় আমাকে বলেছিলেন তাদের দু’জনের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে। তিনি জানতে চেয়েছিলেন, তাদের দুজনকে নিয়ে এই ছবিটি করা সম্ভব হবে কি না।” এই মন্তব্যের মাধ্যমে পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের কারণেই অক্ষয়কে ছবিটি থেকে বাদ দিতে হয়েছিল।

পরিচালক আরও বলেন, “আমার মনে হয়, বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। মানুষ ভুল করে। একজন প্রযোজকের নিয়তি হলো সেই ভুলের ক্ষতিপূরণ করা। এই ঘটনার দায় আমি প্রিয়াঙ্কার উপর চাপাতে চাই না।”

সুনীল দর্শন জানান, অক্ষয় তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই বিকল্পটি দিয়েছিলেন। তাই তিনি অক্ষয়কে বাদ দিয়েই ছবিটি করার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, এই সময়ের মধ্যেই অক্ষয়-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, যা এক সময় অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলেছিল বলে শোনা যায়। সুনীল দর্শন আগেই জানিয়েছিলেন যে সেই সময় টুইঙ্কল খান্না নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ২০০৫ সাল থেকে অক্ষয়ের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই বলেও জানান তিনি।