আর জি কর দুর্নীতি মামলা, সাক্ষ্যগ্রহণ পর্বে নথি নিয়ে সিবিআইয়ের ওপর ফের উষ্মা প্রকাশ বিচারকের

আর জি কর হাসপাতালের দুর্নীতির বিচার প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনেও প্রয়োজনীয় নথি পেশ করতে না পারায় ফের সিবিআইয়ের উপর অসন্তোষ প্রকাশ করলেন আলিপুর বিশেষ আদালতের বিচারক। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন সম্পূর্ণ নথি নিয়ে আসা হয়নি, সেই প্রশ্নে সিবিআইয়ের স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি।
আজ, মঙ্গলবার মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ পর্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি), যিনি টালা থানায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্ত সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তের একাধিক প্রশ্নের মুখে পড়েন ওই সাক্ষী। জানা গিয়েছে, অনেক প্রশ্নের জবাবেই তিনি ‘মনে পড়ছে না’ অথবা ‘জানি না’ বলে উত্তর এড়িয়ে যান।
সাক্ষ্যগ্রহণ চলাকালীন সন্দীপের আইনজীবী একটি নির্দিষ্ট নথি পেশ করার কথা বললে, সিবিআইয়ের আইনজীবী জানান যে সেই মুহূর্তে নথিটি তাদের কাছে নেই। এরপরই বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন, “বিচার প্রক্রিয়ায় নথির প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজনীয় নথি পাওয়া যাচ্ছে না।” তিনি আরও বলেন যে, মামলার সমস্ত নথি নিয়ে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় যে মামলায় নথির সংখ্যা প্রচুর এবং একসঙ্গে এত নথি নিয়ে আসা কঠিন। এর প্রতিক্রিয়ায়, সন্দীপের আইনজীবী আদালতকে প্রশ্ন করেন, “কী প্রশ্ন করা হবে, তা কি আগে থেকে বলে দিতে হবে?” জবাবে বিচারক সিবিআইকে নির্দেশ দেন, “কাল অবশ্যই সব নথি নিয়ে আসতে হবে। কাল আবার সাক্ষ্যগ্রহণ হবে।” এই ঘটনায় মামলার বিচার প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে চলছে বলে মনে করছেন অনেকে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে।