সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তরুণীকে ফাঁকা ফ্ল্যাটে ডেকে ধর্ষণ ও মারধরের অভিযোগ! তদন্তে পুলিশ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়া এক তরুণীকে ফাঁকা ফ্ল্যাটে ডেকে মাদক মেশানো সিগারেট খাইয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়। তরুণী কোনোক্রমে ফ্ল্যাট থেকে পালিয়ে এসে পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ ও মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। যুবক নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন সময়ে দু’জনের দেখা-সাক্ষাৎও হয়। সম্প্রতি, জুলাই মাসে যুবকটি তরুণীকে পর্ণশ্রী এলাকায় একটি ফ্ল্যাটে আলোচনার জন্য দুপুরে ডেকে পাঠান।

দুপুর ২টো নাগাদ তরুণী ওই ফ্ল্যাটে পৌঁছলে সেখানে গল্প ও খাওয়াদাওয়ার পর অভিযুক্ত যুবক তাঁকে একটি সিগারেট খেতে বলেন। তরুণী রাজি না হলে তাঁকে মারধর করা হয় এবং চাপের মুখে তিনি সিগারেটটি খান। অভিযোগ, সিগারেট খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তরুণী বেহুঁশ হয়ে পড়েন এবং এই সুযোগে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে।

হুঁশ ফিরে আসার পর তরুণী দেখেন তাঁর পোশাক খোলা এবং তিনি বুঝতে পারেন যে তাঁকে ধর্ষণ করা হয়েছে। তিনি ফ্ল্যাট থেকে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁকে বাধা দেয় এবং আবারও মারধর করে। শেষ পর্যন্ত কোনোমতে তিনি ফ্ল্যাট থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশ আরও খতিয়ে দেখছে যে অভিযুক্ত যে নামটি ব্যবহার করেছে সেটি তার আসল নাম কি না। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।